শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি। শিল্পকলা, বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের প্রতিবছর এই পুরস্কারে সম্মানিত করা হয়। স্পেনের ওভিয়েদোর ক্যাম্পোয়ামর থিয়েটারেই সাধারণত আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।
মেসির উপস্থিতি ঘিরে অনুষ্ঠানস্থলে ছিল বাড়তি উন্মাদনা। স্থানীয় সময় বিকেল ৬টা ১০ মিনিটের দিকে সরকারি গাড়িতে করে থিয়েটারে পৌঁছান আর্জেন্টাইন তারকা। অনুষ্ঠান শুরুর প্রায় ২০ মিনিট আগে সেখানে পৌঁছানোর পর তাকে একনজর দেখতে ভিড় করেন শত শত মানুষ। মেসির পাশাপাশি অন্য পুরস্কারজয়ীদের দেখতেও সেখানে জড়ো হয়েছিলেন অনেকে।

শুধু ফুটবলীয় অর্জন নয়, স্বীকৃতি মানবিক কাজেরও
মেসির ফুটবল ক্যারিয়ার সাফল্যে ভরপুর। চারবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি। জিতেছেন দুটি কোপা আমেরিকাও। ব্যক্তিগত ও দলীয় অসংখ্য অর্জনের পাশাপাশি ফুটবলের ইতিহাসে গড়েছেন বহু রেকর্ড।












