নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী মনিরা মিঠু। তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে নাটকের মূল গল্প। পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন সময়ের আলোচিত জুটি তন্ময় সোহেল ও ফারজানা আহসান মিহি । আরও রয়েছেন আশরাফুল আলম সোহাগ, ফাতেমা হীরা সহ বেশ কয়েকজন পরিচিত মুখ। নাটকটি খুব শীঘ্রই দেশের শীর্ষস্থান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা এ বাবুল।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী মনিরা মিঠু বলেন, “অচেনা অতিথি' চমৎকার একটি গল্প । এ বাবুল একজন গুণী নির্মাতা। অনেক বছর ধরেই তাঁর সঙ্গে কাজ করছি। তিনি সব সময় ভালো গল্প এবং শিল্পী নির্বাচনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেন। শিল্পী নির্বাচনে তিনি কোনো ছাড় দেন না। পারিবারিক গল্প নিয়ে নির্মিত ‘অচেনা অতিথি'’ নাটকটি দর্শক নিঃসন্দেহে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।

অভিনেত্রী ফারজানা আহসান মিহি বলেন, অনেক দিন পর অসাধারণ একটি গল্পে কাজ করলাম। গল্পটি আমার কাছে বেশ ভালো লেগেছে। পুরো টিমের আন্তরিক প্রচেষ্টায় কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি, দর্শক নাটকটি পছন্দ করবেন।
‘অচেনা অতিথি’ নাটকটি পরিচালনা করেছেন এ বাবুল এবং রচনা করেছেন সময়ের ব্যস্ততম নাট্যকার পাপ্পু রাজ।নাটকটি প্রযোজনা করেছেন এনাম সরকার, নাটকটির চিত্রগ্রহণে ছিলেন সিরাজ খান ও কাউসার রাজীব খান। প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন শামীম আহমেদ।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, শক্তিশালী গল্প, পরিচিত অভিনয়শিল্পী এবং দক্ষ নির্মাণশৈলীর সমন্বয়ে ‘অচেনা অতিথি ’ নাটকটি দর্শকদের কাছে উপভোগ্য হয়ে উঠবে। বিশেষ করে মনিরা মিঠুর ব্যতিক্রমী চরিত্র ও পারিবারিক আবেগের গল্প নাটকটিকে দর্শকদের কাছে আলাদা মাত্রা দেবে। এখন অপেক্ষা নাটকটি পর্দায় আসার।
টিএনজি/জাসি

















