একদিকে ইসলামপন্থি মিত্রদের কাছ থেকে নির্বাচনী সমঝোতার চাপ, অন্যদিকে জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট নিয়ে এনসিপির অভ্যন্তরে বাড়তে থাকা অসন্তোষ এই দুই দিক থেকেই চাপে পড়েছে ১১ দলীয় ঐক্যের প্রধান শক্তি জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ ও রাজপথের আন্দোলনে একসঙ্গে থাকার ঘোষণা থাকলেও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে শরিকদের মধ্যে বাড়ছে দূরত্ব।
জামায়াতের জন্য চ্যালেঞ্জটি শুধু নির্বাচনী প্রার্থী নিয়ে সমঝোতার মধ্যে সীমাবদ্ধ নয়। দলের নিজস্ব সাংগঠনিক শক্তি ও তৃণমূলের প্রত্যাশা পূরণের পাশাপাশি শরিকদের আস্থা ধরে রাখাও এখন গুরুত্বপূর্ণ। প্রশ্ন উঠেছে, স্থানীয় নির্বাচনে নিজেদের প্রভাব বিস্তারের স্বার্থে জামায়াত কি এককভাবে এগোবে, নাকি জোটের ঐক্য রক্ষায় প্রার্থী নিয়ে ছাড় দেবে? স্থানীয় সরকার নির্বাচনের আগেই ১১ দলীয় ঐক্যে তৈরি হওয়া এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় নির্বাচন ঘিরে জোটে ফাটল, জামায়াতকে মামুনুল হকের কড়া বার্তা
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের শরিকদের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে আসে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতিকে কেন্দ্র করে। জোটের শরিকদের একটি অংশ স্থানীয় নির্বাচনে সমঝোতার মাধ্যমে প্রার্থী দিতে চাইলেও জামায়াত নিজেদের সাংগঠনিক শক্তির ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। এতে বিশেষ করে রাজধানীর দুই সিটি করপোরেশন নিয়ে জোটের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে।
গত ৭ নভেম্বর রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জোটের দলগুলো আলাদা আলাদা প্রার্থী দিলে চলমান আন্দোলনের ঐক্য দুর্বল হতে পারে এবং মাঠপর্যায়ে বিভেদ তৈরি হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে বড় দল হিসেবে এর দায় জামায়াতকেই নিতে হবে।
মামুনুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী আন্দোলনেও ১১ দলীয় ঐক্যের সঙ্গে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। স্থানীয় সরকার নির্বাচনেও এই ঐক্যের ভিত্তিতে সমঝোতা প্রয়োজন। বড় দল হিসেবে জামায়াতকে এ ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে হবে।
তবে তার বক্তব্যের পাশাপাশি নিজ দলের নির্বাচনী প্রস্তুতির বিষয়টিও গুরুত্বপূর্ণ। একই সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে মুর্শিদুল আলম সিদ্দিক এবং দক্ষিণে মাওলানা মাহবুবুল হকের নাম ঘোষণা করেন তিনি। সারা দেশে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের বিভিন্ন পদে প্রার্থী বাছাইয়ের কাজ চলার কথাও জানান।
অর্থাৎ, একদিকে জোটের মধ্যে সমঝোতার দাবি জানাচ্ছেন মামুনুল হক, অন্যদিকে নিজ দলকেও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত করছেন। তার বক্তব্যে অবশ্য সমঝোতার দরজা বন্ধ করা হয়নি। সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়ার পরিবেশ তৈরি হলে আলোচনায় বসার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মামুনুল হকের বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য হলো, জোটের ঐক্য ধরে রাখার দায়িত্ব শুধু ছোট শরিকদের নয়, প্রধান দল হিসেবে জামায়াতকেও নিতে হবে। একই সঙ্গে নিজস্ব প্রার্থী ঘোষণার মাধ্যমে তিনি এটিও বুঝিয়ে দিয়েছেন, সমঝোতা না হলে তার দল নির্বাচনী মাঠ ছেড়ে দেবে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ রাইজিংবিডি ডটকমকে বলেন, ১১ দলীয় ঐক্য মূলত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি নির্বাচনী সমঝোতা। তবে নির্বাচন শেষ হওয়ার পরও এই ঐক্যের রাজনৈতিক ও আন্দোলনগত প্রাসঙ্গিকতা শেষ হয়ে যায়নি। বরং গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে ১১ দল এখনো ঐক্যবদ্ধ আন্দোলনে রয়েছে।
তিনি বলেন, আমরা মনে করি, এই আন্দোলনের ঐক্যকে সংহত ও শক্তিশালী রাখার স্বার্থেই স্থানীয় সরকার নির্বাচনেও শরিক দলগুলোর মধ্যে সমন্বয় ও সমঝোতা থাকা প্রয়োজন। সে লক্ষ্যে আমরা সমন্বিত প্রার্থী দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এ ক্ষেত্রে বৃহৎ দল হিসেবে জামায়াতে ইসলামীর প্রধান ভূমিকা পালন করা উচিত। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আলোচনা ও সমঝোতার দ্বার উন্মুক্ত রয়েছে। আমরা আশা করি, বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও চলমান আন্দোলনের স্বার্থে সব শরিক দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে। অন্যথায় পৃথক প্রার্থিতার কারণে চলমান আন্দোলনের ঐক্যে দুর্বলতা ও বিভেদ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, এখানে দুটি বিষয়কে আলাদাভাবে দেখতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে সারা দেশে দলীয় প্রার্থী বাছাই ও মনোনয়নের কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা সেই সাংগঠনিক প্রস্তুতিরই অংশ। তবে প্রার্থী ঘোষণা মানেই নির্বাচনী সমঝোতার সব পথ বন্ধ হয়ে যাওয়া নয়।
আমরা স্পষ্টভাবেই বলেছি, অন্যান্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে আলোচনা ও সমঝোতার দ্বার আমাদের উন্মুক্ত রয়েছে। সমঝোতার ভিত্তিতে সমন্বিত প্রার্থী দেওয়ার সুযোগ থাকলে আমরা তা বিবেচনা করতে প্রস্তুত। আমাদের প্রত্যাশা, বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও চলমান আন্দোলনের স্বার্থে সব শরিক দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, মনে রাখতে হবে, ১১ দলীয় ঐক্য কেবল নির্বাচনী স্বার্থের বিষয় নয়; গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের প্রশ্নেও এই ঐক্যের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। তাই আমরা চাই, পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা যেন বৃহত্তর ঐক্যের জন্য কোনো সংকট তৈরি না করে।
জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, পদত্যাগে সামান্তার বিস্ফোরক অভিযোগ
জামায়াতের সঙ্গে রাজনৈতিক ঐক্য নিয়ে এনসিপির ভেতরে অসন্তোষের বিষয়টি নতুন নয়। তবে দলটির প্রতিষ্ঠাকালীন নেত্রী ও যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের পদত্যাগের মধ্য দিয়ে সেই বিরোধ প্রকাশ্য রূপ পেয়েছে।
গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ বিবৃতিতে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। জামায়াতের সঙ্গে জোট গঠনের বিরোধিতাকে তিনি পদত্যাগের অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরেন। তার ভাষ্য, প্রায় এক বছর আগে জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। তখনই বলেছিলেন, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সঙ্গে জোট করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে।
সামান্তা শারমিনের অভিযোগ, গত ১১ মাসে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত প্রস্তাব, আলোচনা ও বিতর্কের মাধ্যমে এনসিপির রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন। কিন্তু দলের প্রাথমিক মূল্যবোধ ও রাজনৈতিক অভিমুখ নিয়ে তার উদ্বেগের সমাধান হয়নি। শেষ পর্যন্ত সেই রাজনৈতিক অবস্থান থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
জামায়াতের সঙ্গে নির্বাচনী ঐক্য নিয়ে নিজের আপত্তি ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, এনসিপির সামনে পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বাইরে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার সুযোগ ছিল। কিন্তু বড় রাজনৈতিক দলের সঙ্গে জোটের সিদ্ধান্ত সেই সম্ভাবনাকে সংকুচিত করেছে। তার মতে, জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি নিজের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও সংস্কারের রাজনীতির অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে।
শুধু জামায়াতের সঙ্গে সম্পর্ক নয়, এনসিপির অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে নেতাকর্মীদের অংশগ্রহণ এবং নারীদের রাজনৈতিক অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন সামান্তা। তার অভিযোগ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও দলীয় নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা হয়নি। দল পুনর্গঠন এবং কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের বিষয়েও তার আপত্তি ছিল।
সামান্তার পদত্যাগের আরেকটি রাজনৈতিক দিক রয়েছে। জামায়াতের সঙ্গে জোটের কারণে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। ফলে তার পদত্যাগকে কেবল দলীয় দায়িত্ব ছাড়ার ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই; এর সঙ্গে এনসিপির নির্বাচনী কৌশল ও রাজনৈতিক পরিচয়ের প্রশ্নও জড়িত।
সামান্তা শারমিন বলেন, জামায়াতের সঙ্গে জোট এনসিপির নীতিগত অবস্থান ও স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক। এ জোটের কারণে নতুন রাজনৈতিক সংস্কৃতি ও সংস্কারভিত্তিক রাজনীতি গড়ে তোলার সম্ভাবনা সংকুচিত হয়েছে। সবদিক বিবেচনা করে আমার এই সিদ্ধান্ত। যা আমি পদত্যাগপত্রে উল্লেখ করেছি।

সামান্তা শারমিনের পদত্যাগের পর স্থানীয় নির্বাচন নিয়ে এনসিপির অবস্থান আরো স্পষ্ট করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত ৬ নভেম্বর গাইবান্ধায় দলের আঞ্চলিক সমন্বয় সভায় তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট না করে এককভাবে অংশ নেবে এনসিপি। এ জন্য দলটি সার্বিক প্রস্তুতি নিচ্ছে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে।
নাহিদ ইসলামের বক্তব্যে স্থানীয় নির্বাচনে এনসিপির নিজস্ব রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠার পরিকল্পনা স্পষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা থাকলেও স্থানীয় নির্বাচনে দলটি নিজস্ব প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এতে দলটির সাংগঠনিক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নিজস্ব ভোটার ও সমর্থক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
ঢাকার দুই সিটি করপোরেশনকে কেন্দ্র করেও দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। এনসিপির পক্ষ থেকে ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস দুই সিটিতে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। ফলে একই রাজনৈতিক জোটের একাধিক দলের মধ্যে গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার রাইজিংবিডি ডটকমকে বলেন, ১১ দলীয় জোটও থাকবে, স্থানীয় নির্বাচন এককভাবেও হবে। এই দুটোর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, এটা আমরা বারবার পরিষ্কার করেছি। কারণ স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপটটা আলাদা, এখানে জোট করার প্রয়োজনীয়তা আমরা দেখি না, আমরা প্রত্যেকটা সংগঠন বা দলভুক্ত প্রত্যেকটা সংগঠন যার যার নিজস্ব সক্ষমতায় নির্বাচন করবে। তবে যদি স্থানীয়ভাবে প্রার্থীদের মধ্যে, স্থানীয় পর্যায়ে প্রার্থীদের মধ্যে যদি কোনো সমঝোতা হয়, সেটা হতে পারে, সেটা আমরা বাধা দেওয়ার কিছু নেই।
তিনি বলেন, তবে জোটগতভাবে কোন সমঝোতা হবে না। আর এতে করে জাতীয় রাজনীতিতে জোটের যে ঐক্য সেটাও নষ্ট হবে না। এবং জাতীয় পর্যায়ের যে ঐক্য সেটা ধরে রাখার ক্ষেত্রে এনসিপি সহ জোটের সকল দল একইভাবে ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ আছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির জাতীয় পর্যায়ে বিরোধী রাজনীতিতে একসঙ্গে থাকা, কিন্তু স্থানীয় নির্বাচনে নিজেদের পরিচয় ও শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কৌশলটি বেশ স্পষ্ট। তবে এই কৌশল বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে নির্বাচনী প্রচার ও মাঠপর্যায়ের রাজনৈতিক সম্পর্কের ওপর। কারণ, একই জোটের প্রার্থীরা যখন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হবেন, তখন স্থানীয় পর্যায়ে বিরোধ তৈরি হওয়ার আশঙ্কাও থাকবে।
প্রার্থী নিয়ে মুখোমুখি জোটের শরিকরা, জামায়াতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন
স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াত ও এনসিপির মতপার্থক্যের বিষয়টি শুধু প্রার্থী ঘোষণায় সীমাবদ্ধ নেই। ঢাকার দুই সিটি করপোরেশনকে কেন্দ্র করে আসন সমঝোতার আলোচনাও দুই দলের মধ্যে দূরত্ব বাড়িয়েছে। এনসিপির নেতাদের অভিযোগ, জামায়াত ঢাকার দুই মেয়র পদ ছাড়তে আগ্রহী নয়। অন্যদিকে এনসিপিও তাদের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থিতা থেকে সরে আসতে চাইছে না।
এনসিপির কাছে স্থানীয় নির্বাচন শুধু মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার লড়াই নয়; এটি দলটির সাংগঠনিক বিস্তার ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান শক্ত করার সুযোগ। ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনী ব্যবস্থাপনায় নিজেদের সক্ষমতা যাচাই করতে চায় দলটি। ফলে গুরুত্বপূর্ণ নগর নির্বাচনে প্রার্থী প্রত্যাহার বা সমঝোতার প্রশ্নে ছাড় দেওয়ার আগ্রহ কম।
অন্যদিকে জামায়াতেরও নিজস্ব রাজনৈতিক হিসাব রয়েছে। দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রমের ভিত্তিতে দলটি স্থানীয় সরকারে নিজেদের প্রতিনিধিত্ব বাড়াতে চাইবে। জোটের শরিকদের জন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলো ছেড়ে দিলে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। আবার সব জায়গায় এককভাবে প্রার্থী দিলে শরিকদের সঙ্গে রাজনৈতিক দূরত্ব বাড়ার আশঙ্কা রয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১১ দলীয় ঐক্য অটুট রয়েছে এবং শরিক দলগুলো এখনো একসঙ্গে কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জোটের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভেদ তৈরি হয়নি। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে, তাই প্রত্যেক দল নিজেদের সাংগঠনিক অবস্থান ও নির্বাচনী প্রস্তুতি অনুযায়ী প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনো এলাকায় একাধিক শরিক দলের প্রার্থী থাকলে কিংবা জোটগত সমঝোতার প্রয়োজন দেখা দিলে কেন্দ্রীয় নেতারা আলোচনায় বসে সিদ্ধান্ত নেবেন। স্থানীয় নির্বাচনে দলগুলোর পৃথকভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ঐক্যের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখার সুযোগ নেই।
তার এই বক্তব্য থেকে বোঝা যায়, দলটি স্থানীয় নির্বাচনে পৃথকভাবে অংশ নেওয়ার প্রস্তুতি রাখলেও জাতীয় পর্যায়ের রাজনৈতিক ঐক্য ভাঙার কথা বলছে না। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সমঝোতার পথও খোলা রাখতে চাইছে।
এখানে জামায়াতের নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হলো, শরিকদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজেদের নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়ন করা। বিশেষ করে মামুনুল হকের প্রকাশ্য হুঁশিয়ারির পর প্রার্থী সমঝোতা নিয়ে আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, বাংলাদেশ খেলাফত মজলিসের মতো ইসলামপন্থী শরিকের সঙ্গে দূরত্ব তৈরি হলে তা জোটের রাজনৈতিক শক্তি ও ঐক্যের বার্তাকে দুর্বল করতে পারে।
ঐক্য রক্ষা নাকি একক আধিপত্য, জামায়াতের সামনে কঠিন সমীকরণ
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী বিস্তার বাড়ানোর পাশাপাশি ১১ দলীয় ঐক্যের শরিকদের আস্থা ধরে রাখা। একদিকে নিজস্ব প্রার্থী দিয়ে তৃণমূলের শক্তি যাচাই ও স্থানীয় সরকারে প্রতিনিধিত্ব বাড়ানোর সুযোগ রয়েছে, অন্যদিকে শরিকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়লে জাতীয় পর্যায়ের রাজনৈতিক সহযোগিতায় দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
জামায়াতের একাধিক কেন্দ্রীয় সূত্রের দাবি, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে একক প্রার্থী দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে জামায়াতের সাংগঠনিক শক্তির পাশাপাশি অন্য শরিকদের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী সক্ষমতাও বিবেচনায় নিতে হবে।
অন্যদিকে, জাতীয় পর্যায়ে ঐক্য বজায় রেখে স্থানীয় নির্বাচনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার কৌশলও কার্যকর হতে পারে। এতে প্রত্যেক দল নিজস্ব প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে, পাশাপাশি জোটের রাজনৈতিক সহযোগিতাও অব্যাহত রাখা সম্ভব হবে। তবে মাঠপর্যায়ে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা, স্থানীয় নেতাকর্মীদের অবস্থান এবং ভোটের হিসাব কেন্দ্রীয় নেতৃত্বের সমঝোতাকে জটিল করে তুলতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে শরিকদের মধ্যে মতপার্থক্য থাকলেও সেটিকে সরাসরি জোট ভাঙনের ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই। তবে নির্বাচনী প্রতিযোগিতা সামাল দিতে গিয়ে পারস্পরিক আস্থা ও রাজনৈতিক বোঝাপড়ায় ঘাটতি তৈরি হলে তার প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়তে পারে। বড় দল হিসেবে জামায়াতের সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং শরিকদের মতামতকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটিও জোটের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুম বলেন, স্থানীয় নির্বাচনে শরিক দলগুলোর পৃথকভাবে অংশ নেওয়া রাজনৈতিক বাস্তবতার অংশ হতে পারে। তবে নির্বাচনী প্রতিযোগিতার কারণে জাতীয় পর্যায়ের সমঝোতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটিই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জোটের স্থায়িত্ব নির্ভর করবে পারস্পরিক আস্থা, সিদ্ধান্ত গ্রহণে সমন্বয় এবং বড় দল হিসেবে জামায়াতের দায়িত্বশীল ভূমিকার ওপর। শেষ পর্যন্ত নির্বাচনে কে কতটি প্রার্থী দিল, তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শরিকরা কতটা সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক সম্পর্ক ধরে রাখতে পারে।
টিএনজে /জাসি




















