বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারত এখন আগের অবস্থান থেকে ভিন্ন একটি কৌশল বিবেচনা করছে বলে দাবি করেছে বিবিসি বাংলা।
প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের প্রধান বিবেচনা দুটি। প্রথমত, তার প্রত্যাবর্তন প্রক্রিয়ায় বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি সম্পৃক্ত দেখতে চায় নয়াদিল্লি। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় আপিলের সুযোগ এবং নতুন করে নিরপেক্ষ বিচারের নিশ্চয়তা চায় ভারত।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগের সময় শেখ হাসিনা যে সামরিক বিমানে ভারতে পৌঁছেছিলেন, প্রত্যাবর্তনের ক্ষেত্রেও একই ধরনের সামরিক ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। প্রয়োজনে সীমান্তের নির্ধারিত কোনো স্থান থেকেও তাকে গ্রহণ করার বিষয়টি বিবেচনায় থাকতে পারে।
ভারতের এমন অবস্থানের পেছনে কূটনৈতিক ও আন্তর্জাতিক বাস্তবতাও কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। অন্যদিকে, তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগ সফল না হওয়ায় দেশে ফেরার বিষয়টিই এখন আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনাকে হস্তান্তরের ক্ষেত্রে তার বিচার ও নিরাপত্তার বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দেশটির প্রত্যাশা, বাংলাদেশে ফিরে তিনি যেন আপিল এবং ন্যায়বিচার পাওয়ার সুযোগ পান।
এদিকে শেখ হাসিনার নিরাপত্তা নিয়েও ভারতের উদ্বেগ রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। দেশে ফেরার পর তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সেনাবাহিনী দায়িত্ব নেবে—এমন নিশ্চয়তা চায় নয়াদিল্লি।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল। কিন্তু প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন আইনি দিক বিবেচনার কথা বলে এখনো বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিও ভারতের বিবেচনায় রয়েছে। তার দেশে ফেরা নতুন রাজনৈতিক উত্তেজনা কিংবা অস্থিরতা তৈরি করতে পারে—এমন আশঙ্কার কথাও উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।
সব মিলিয়ে শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান এখন শুধু প্রত্যর্পণ বা প্রত্যাবর্তনের প্রশ্নে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে জড়িয়ে পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, সামরিক যোগাযোগ, বিচারব্যবস্থা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির নানা সমীকরণ।
এখন দেখার বিষয়, ভারতের প্রস্তাবিত শর্তগুলো বাস্তবে কতটা গুরুত্ব পায় এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ঢাকা ও নয়াদিল্লি শেষ পর্যন্ত কোন পথে এগোয়।
সূত্র: বিবিসি বাংলা।
টিএনজে /জাসি




















