রাঙামাটির কাপ্তাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ৪৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান ও সংঘদান সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় কাপ্তাই উপজেলার বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবন বিহার কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলাপাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগ্গী মহাথের। ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত শাক্যজ্যোতি থের ও ভদন্ত বুদ্ধজ্যোতি ভিক্ষু।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু উথোয়াই মং মারমা, বাবু তিমথি খিয়াং ও মিসেস প্রেমা তালুকদার।
অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষসহ প্রায় ৪০০ থেকে ৫০০ জন বৌদ্ধ ভক্ত, উপাসক-উপাসিকা ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।

ধর্মীয় সম্প্রীতি, মৈত্রী ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতি সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিএনজে /জাসি





















