মাইক্রোসফট জানিয়েছে, তাদের অবকাঠামোর একটি অংশে অতিরিক্ত চাপের কারণে এ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ব্যবহারকারীদের ভোগান্তি কমাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিভ্রাট শুরুর এক ঘণ্টার মধ্যেই তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। মোট ৭৪টি দেশ ও অঞ্চলে মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার খবর পাওয়া যায়। আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা এ সমস্যার মুখে পড়েন।
ডাউনডিটেক্টরের তথ্য বলছে, বাংলাদেশ সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১টার দিকে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ সর্বোচ্চ ১ লাখ ৩৮ হাজার ৫৮টিতে পৌঁছায়। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর থেকেই ব্যাপক হারে বিভ্রাটের খবর আসতে শুরু করে। সে সময় প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানান।
পরবর্তী সময়ে অভিযোগের সংখ্যা কিছুটা কমে এলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ নেমে আসে প্রায় ৩৭ হাজারে।
শুরুতে মাইক্রোসফট জানিয়েছিল, আমেরিকা অঞ্চলে তাদের সেবায় বিভ্রাটের খবর খতিয়ে দেখা হচ্ছে। পরে প্রতিষ্ঠানটি নিশ্চিত করে, সমস্যাটি শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়; বরং বিশ্বের বিভিন্ন অঞ্চলে মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক সেবাগুলো এতে প্রভাবিত হয়েছে।

বিভ্রাট মোকাবিলায় নতুন কোনো পরিবর্তন কার্যকর করা সাময়িকভাবে বন্ধ রেখেছে মাইক্রোসফট। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো থেকে অতিরিক্ত তথ্যপ্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া এবং আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টার দিকে দেওয়া সর্বশেষ হালনাগাদ তথ্যে মাইক্রোসফট জানায়, সেবা স্বাভাবিক করতে নেওয়া পদক্ষেপগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। কিছু অঞ্চলে আংশিক উন্নতি দেখা গেলেও এখনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর মাইক্রোসফট সীমিত পরিসরে সেবা পুনরুদ্ধারের লক্ষণ পাওয়ার কথা জানায়। প্রতিষ্ঠানটি জানায়, ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো থেকে ব্যবহারকারীদের তথ্যপ্রবাহ সরিয়ে নেওয়ার কাজ চলছে। সেবা পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের বিভিন্ন যন্ত্রে থাকা অ্যাপ্লিকেশনগুলো পুনরায় সংযুক্ত হবে এবং ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে।
উল্লেখ্য, মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক সাবস্ক্রিপশন সেবা মাইক্রোসফট ৩৬৫-এর আওতায় আউটলুক, টিমসসহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপ্লিকেশন পরিচালিত হয়। ফলে এ ধরনের বিভ্রাটে ব্যক্তিগত ব্যবহারকারীর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন যোগাযোগ ও দাপ্তরিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
টিএনজে / জাসি





















