নিহত রতন মিয়া রাণীনগর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে লাইন ম্যান হিসেবে কর্মরত ছিলেন। এবং তিনি পাবনা জেলার চাটমোহর এলাকার আফজাল হোসেনের ছেলে। তার পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম আবু হাসান।
ডিজিএম আবু হাসান মুঠোফোনে বলেন, উপজেলার ক্ষিদ্র কালিকাপুর নামক স্থান এলাকায় আমাদের লাইন ফল্ট ছিল। এদিন রাত ৮টার দিকে আমাদের অফিসের সহকর্মী রতন সেখানে লাইন ঠিক করতে যায়। এরপর কোনো এক কারণে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই জন্য আমি মানসিকভাবে ভালো নেই।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, নিহত রতন ছিলেন পল্লী বিদ্যুতের লাইনম্যান এবং তার বাড়ি পাবনা জেলায়। সে কালিকাপুর এলাকায় লাইনের কাজ করছিল এবং কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। আমরা আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করবো।




















