স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলাটি একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে; নিহতদের বেশিরভাগই শিশু। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে ইতিমধ্যে আটজনের মরদেহ উদ্ধার করেছে। ধ্বংসস্তুপের নিচে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
বিদ্রোহী হুথি গোষ্ঠী ও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।
আল জাজিরা স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে, সৌদি নেতৃত্বাধীন জোট শুক্রবার দিনের শেষভাগে জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলের দিকে হুথিদের ছোড়া একটি ড্রোন তারা আকাশেই ধ্বংস করে দিয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর চলতি বছরের জুলাই মাস থেকে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে তীব্র লড়াই শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তথ্য অনুযায়ী, আগস্ট মাস থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ১৩ হাজার ৩৪৩ জন মানুষ হতাহত হয়েছেন।
চলমান এই সংঘাতের কারণে ইয়েমেন চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) জানিয়েছে, তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর মধ্যে ইয়েমেন অন্যতম।
এছাড়া নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) সতর্ক করে বলেছে, নতুন করে লড়াই শুরু হওয়ায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, তহবিল সংকটের কারণে ত্রাণ কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এনআরসির মহাসচিব ইয়ান এগেল্যান্ড বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সংঘাতে জড়িত সব পক্ষ ও তাদের পেছনে থাকা ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র: আল-জাজিরা
টিএনজে /জাসি



















