বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট নন। এ অবস্থায় তারা প্রাথমিক সদস্যপদ সহ ইউনিয়ন বিএনপির পদপদবী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলেও জানান তারা।

উল্লেখ্য, এর আগে গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে গোপালগঞ্জে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
টিএনজে/এএইচ


















