রবিবার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, “নির্বাচনের আগে বিএনপির তৎকালীন মহাসচিব, বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নির্বাচন দিলে সব সমস্যা সমাধান হয়ে যাবে! কিন্তু, নির্বাচন-পরবর্তী ৮ মাসেও সরকার রাষ্ট্রে শৃঙ্খলা ফেরাতে পারেনি। সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।”
তিনি বলেন, “ক্ষমতা গ্রহণের পর ৮ মাসে ৩ বার তেল-গ্যাসের দাম বৃদ্ধি করেছে। দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। কৃষকদের সার দিতে পারছে না। সর্বস্তরে সংকট, কিন্তু সংকট সমাধানে সরকারের কোনো পদক্ষেপ নেই।”
জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপি যখন বলত, নির্বাচনই সব সমস্যার সমাধান। তাহলে, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে কি না? যদি নির্বাচন হয়ে থাকে, তাহলে সংকট সমাধান না হয়ে সংকট বাড়ছে কেন?”
অন্তর্বর্তীকালীন সরকারের দুই বছর দেশের মানুষ যে কষ্ট পোহাতে হয়নি, বিএনপি সরকারের সময় কেন ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে, এ প্রশ্ন রেখে তিনি বলেন, “বিএনপি সরকার সবকিছুর দাম বৃদ্ধি করলেও কেবলমাত্র মানুষের জীবনের মূল্য কমেছে! মানুষের জীবনের কোনো মূল্য বিএনপি সরকারের কাছে নেই।”
সিন্ডিকেট প্রসঙ্গে শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাজারের সিন্ডিকেট কেবল নয়, বরং প্রধানমন্ত্রী নিজেও সিন্ডিকেটের কবলে পড়েছেন। তিনি সিন্ডিকেটের কারণে নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। যার কারণে সরকারের নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাতে নেই। সরকার নিয়ন্ত্রণ করছে বিএনপির ভেতরের সিন্ডিকেট। এজন্য বলা যায়, এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার জনগণের সরকার হলে জনগণের গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেত। কিন্তু, সরকার দেশকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দিচ্ছে।”

তিনি বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে যখন তেল ও গ্যাসের মূল্য কম, সেখানে আমাদের দেশে দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকারের মন্ত্রীরা চোখ বন্ধ করে জাতির সাথে মিথ্যাচার করছে, প্রতারণা করছে।”
রাষ্ট্রের প্রতিটি সেক্টরে নৈরাজ্য চলছে, দাবি করে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, “এসব নৈরাজ্য দেখে মনে হচ্ছে, এ দেশে কোনো সরকার নেই।”
মুক্তির জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য যে ৮ দফা দাবিতে লংমার্চ করছে, এসব দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। এসব দাবি আদায় হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে।”
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, শেরপুরের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন প্রমুখ।
টিএনজে /জাসি


















