বাংলাদেশের বেশ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, ভালো নায়কের পাশাপাশি ভালো গায়কও। এবার তিনি গান গাইবেন আমেরিকার ফ্লোরিডায় কনসার্টে। আগেও বেশ কয়েকটি টেলিভিশন নাটকে গান গেয়েছেন এই অভিনেতা।
আগামী ১৩ ডিসেম্বর টাম্পা শহরে দুদিনব্যাপী সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্টের দ্বিতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে তার সংগীতানুষ্ঠান।
এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে’।
গত আগস্টে নিউইয়র্কে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামে প্রথম একক কনসার্ট করেন তিনি। সেসময় জানান, যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে প্রস্তাব পেয়েছেন। তবে তাড়াহুড়া না করে প্রস্তুতি নিয়েই পরবর্তী আয়োজন করতে চান। বছরের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রে কাটলেও দেশেও কনসার্ট করার ইচ্ছা আছে তার। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন সিনেমার ঘোষণা দেবেন তিনি।
টিএনজে /জাসি