তিনি বলেন, হাজার হাজার মানুষকে হত্যা করে বিদেশে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, অরাজকতা তৈরির রাজনীতিতে মেতেছেন, অথচ তার ভেতরে কোনো অনুশোচনা নেই।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিলেতে কয়েকজন রাজনৈতিক নেতার কাছ থেকে চারিত্রিক সার্টিফিকেট নিতে হচ্ছে শেখ হাসিনাকে, যাতে তার ফাঁসি না হয়।’
তিনি বলেন, শেখ হাসিনা ভুল করেছেন, কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নেই।তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করছেন কোন লজ্জায়? তিনি কি মনে করেছেন, দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন আর দেশের মানুষ বসে বসে তা দেখবে?

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল। তখন আইনমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বলতেন, আদালত তার নিজস্ব গতিতে চলে, আইন তার নিজস্ব গতিতে চলে। এখন শেখ হাসিনার ক্ষেত্রেও আইন ও আদালত নিজস্ব গতিতে চলবে। রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান। কিন্তু তাকে সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধের বাবা, নাকি আহনাফের স্বজনেরা? যাদের সন্তানদের হত্যা করা হয়েছে, যারা গুলিতে প্রাণ হারিয়েছেন, সেই শহীদ পরিবারের সদস্যরা কি তাকে সংবর্ধনা জানাবেন?
৭ নভেম্বরের চেতনার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, এই চেতনা হচ্ছে জেগে ওঠার, অধিকার রক্ষার এবং অহংকারী, অত্যাচারী ও লুটেরাদের পতনের চেতনা। দেশে যখন গণতন্ত্র থাকে না, মানুষ কথা বলতে, মিছিল করতে কিংবা সমাবেশ করতে ভয় পায়, তখন ৭ নভেম্বরের চেতনা মানুষকে উদ্বুদ্ধ করে।
তিনি বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও ৭ নভেম্বরের চেতনা মানুষকে প্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতেও যে কোনো ফ্যাসিবাদ মোকাবিলায় এই চেতনায় মানুষ উদ্দীপ্ত হবে।
টিএনজে /জাসি


















