বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সোমবার রাতে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষক হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া। অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সশরীর হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানের সময়কার ভূমিকা, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের সিদ্ধান্ত হয়েছে।

আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, তাঁদের অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে বলা হয়েছিল। তবে বিভাগ তাঁদের অবস্থান জানাতে পারেনি। এ কারণে সিন্ডিকেট তাঁদের সশরীর রেজিস্ট্রারের কাছে হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।
উপ-উপাচার্য জানান, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে গঠিত তথ্যানুসন্ধান কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। এ কারণে পরবর্তী সিন্ডিকেট সভায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হবে।
টিএনজে/এএইচ
















