নিহত আক্তার হাওলাদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইলিশ শিকারের উদ্দেশ্যে জেলেরা মেঘনা নদীর হিজলা অংশের ‘ওরাকুল’ নামক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অভিযান পরিচালনাকে কেন্দ্র করে জেলেদের সঙ্গে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, চাঁদপুর অঞ্চল থেকে আসা কোস্টগার্ড ও নৌ পুলিশের একটি যৌথ দল হিজলার জলসীমায় প্রবেশ করে জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গুলির ঘটনা ঘটে। এতে আক্তার হাওলাদার গুরুতর গুলিবিদ্ধ হন। একই ঘটনায় আরও পাঁচজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে এমন প্রাণহানির ঘটনা স্থানীয় জেলেদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে সংঘর্ষের সূত্রপাত, গুলি ছোড়ার পরিস্থিতি এবং হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা চলছে। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।
















