মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
টকশোতে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং আওয়ামী লীগকে আলোচনায় রাখার প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আপনি যদি আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করেন, তাহলে সেটা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না।
আওয়ামী লীগকে আলোচনার টেবিলে রাখার পক্ষে যুক্তি তুলে ধরে এই সংসদ সদস্য দাবি করেন, দেশের ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগ করে। এ ছাড়া জরিপের তথ্যের উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও দলটির জনসমর্থন ২৫ শতাংশ ছিল। রুমিন ফারহানার ভাষ্য অনুযায়ী, বিপুলসংখ্যক এই মানুষকে আলোচনার বাইরে রেখে কোনো সংলাপই জাতীয় সংলাপ হিসেবে গণ্য হতে পারে না।
আলোচনার টেবিলে আনার আগে আওয়ামী লীগকে অপরাধ স্বীকার ও অনুশোচনা করতে হবে কি না—এমন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আপনি তাদের টেবিলে আনেন। ন্যায়বিচার নিশ্চিত করেন।’ আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’ তবে আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন, ‘সার্টেইনলি (অবশ্যই)।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘এখন আমাদের ওয়েট অ্যান্ড সি ছাড়া কোনো অপশন নাই, আমরা যারা পলিটিশিয়ান। আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। এখন সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে।’
এ ছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যকার ক্রমবর্ধমান দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, সে সময়ের ধর্মীয় বিভাজনের মতো বর্তমানে রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘বিভাজনটা এখন ধর্মের ভিত্তিতে না হলেও আরও বহু কারণে, বহু রাজনৈতিক মত এবং পথের কারণে আমি ওই হিংস্রতাটা দেখি। রাজনীতিবিদরা একজন আরেকজনের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, তাকায়ও না পর্যন্ত। এটা কোনো ভালো দিকে আপনাকে নেবে না।
টিএনজে/এএইচ



















