কয়েক দিন আগে চিত্রনায়ক হেলাল খান ও জয় চৌধুরীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএফডিসি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইঙ্গিতপূর্ণভাবে এ ঘটনাকেও স্মরণ করেছেন মুনমুন।
নিজের সঙ্গে ঘটা একটি ঘটনা সামনে টেনে মুনমুন বলেন, “যেদিন এফডিসিতে আমার সাথে অন্যায় করা হয়েছিল, সেদিন পুরো এফডিসি যেন আমার বিরুদ্ধে কথা বলেছে। আমার ওস্তাদ বলেছিলেন, ‘চুপ হয়ে যাও’। আমি চুপ হয়ে গেছি প্রতিবাদ করিনি। আজ অনেক শিল্পী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন দেখে ভালো লাগছে।
রাজনীতির ছত্রছায়ায় থাকা শিল্পী-কলাকুশলীরা আঙুল ফুলে কলা গাছ হচ্ছেন বলে মত মুনমুনের। এ অভিনেত্রী বলেন, “দীর্ঘদিন আমাদের এফডিসির শিল্পী-কলাকুশলীদের হাতে কাজ নেই, এই কারণেই হয়তো রাজনৈতিক শক্তি ব্যবহার হচ্ছে! পুরোনো সরকার যায় নতুন সরকার আসে। কিন্তু আমাদের এফডিসির উন্নতির কোনো লক্ষণই দেখছি না। শুধু রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত শিল্পী-কলাকুশলীরা। আসলে সিনেমা তো সবার জন্য, দলমত নির্বিশেষে সবার জন্য সিনেমা। সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?”
চলচ্চিত্রে কাজ না থাকায় রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ছেন শিল্পীরা। এ পরিস্থিতিতে সরকারকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে মুনমুন বলেন, “বাংলাদেশ চলচ্চিত্রকে বাঁচাতে আমি আমাদের বর্তমান সরকারকে এগিয়ে আসতে অনুরোধ করছি, সাহায্য করে নয়, শিল্পী কলাকুশলীদের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ দিন। একটানা বেকার জীবনে ভিক্ষা করে খাওয়া ছাড়া শিল্পীদের এবং কলাকুশলীদের আর কোনো রাস্তা নেই। অনেক শিল্পীকেই দেখেছি, বাধ্য হয়ে সব সরকারের আমলেই রাজনীতিতে ব্যস্ত হয়ে যান, এটা শুধু কর্মহীনতার কারণেই।

পরিবর্তিত বিশ্বের কথা টেনে পরামর্শ দিয়েছেন মুনমুন। এ অভিনেত্রী বলেন, “বড় স্ক্রিনের ধস শুধু এ দেশে লাগেনি, সারা বিশ্বেই এর বৈরী প্রভাব দেখা যাচ্ছে। বিগ স্ক্রিন থেকে মানুষ এখন স্মার্টফোনের ছোট স্ক্রিনে সবকিছু দেখার সুযোগ পেয়েছে, তাই শুধু বিগ স্ক্রিন নয়, টেলিভিশনও এখন আগের মতো চলে না। তাই এমন কিছু করুন, যাতে ছোট স্ক্রিনে বিগ স্ক্রিনের শিল্পীদেরকে নিয়মিত দেখা যায় এবং তাদের কর্মসংস্থান যেন তৈরি হয়।
প্রখ্যাত নির্মাতা এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মুনমুনের। এ সিনেমার শুটিং চলাকালীন আরো তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। অভিষেক চলচ্চিত্রটি মুখ থুবড়ে পড়লেও তার অভিনীত ‘টারজান কন্যা’ ব্যবসায়িকভাবে সফল হয়। তারপর মালেক আফসারীর ‘মৃত্যুর মুখে’ সিনেমায় ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অভিনয় করেন। এটি তাকে দর্শকদের কাছে নিয়ে যায়। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা চলচ্চিত্রে কাজ করেছেন মুনমুন। সেই সময়ের চলচ্চিত্রে অশ্লীলতার বিতর্ক তৈরি হলে ধীরে ধীরে তার উপস্থিতি কমে যায়।
টিএনজে /জাসি




















