আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর ধামরাই উপজেলার রাজাপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় তার প্রিয় মুখটি শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে ভিড় করেন স্বজন, প্রতিবেশীসহ সর্বস্তরের মানুষ।
এর আগে সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই নেমে আসে গভীর শোকের ছায়া। বিকেলে রাজাপুরে তার বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনেরা যেন সম্পূর্ণ নির্বাক; কেউ কান্নায় ভেঙে পড়েছেন, আবার কেউ প্রিয় মানুষটির স্মৃতি মনে করে নীরবে বসে আছেন।
অভিনেতার ফুপাতো ভাই আব্দুল আলীম খান সেলিম স্মরণ করেন তার সঙ্গে থাকা খোশগল্প আর খুনসুটির দিনগুলো। অন্যদিকে ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খান জানান, মামার মধ্যে কখনো কোনো অহংকার ছিল না; আঞ্চলিক ভাষায় গ্রামবাংলার সংস্কৃতিকে তিনি যেভাবে অভিনয়ে তুলে ধরতেন, সেটাই ছিল তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য।

সোহেল খানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তার সঙ্গে কাজ করা সহকর্মীরা। ‘নসীব’ সিনেমার প্রযোজক ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ আরশাদ আদনান জানান, মৃত্যুর আগের দিন রাতেও তার সঙ্গে কথা হয়েছিল। তিনি বলেন, “সোহেল ভাই আমাদের একজন জ্যেষ্ঠ শিল্পী ও বড় ভাইয়ের মতো ছিলেন। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি।
পর্দায় নানা চরিত্রে জীবন্ত হয়ে ওঠা সোহেল খান আজ বাস্তব জীবনের মঞ্চ থেকে চিরতরে বিদায় নিয়েছেন। কিন্তু তার মানবিক গুণাবলি, সামাজিক অবদান আর অমায়িক হাসি দীর্ঘদিন বেঁচে থাকবে ধামরাইয়ের রাজাপুর গ্রামসহ দেশের লাখো ভক্তের হৃদয়ে।
টিএনজে/এএইচ




















